কলকাতা: একাধিক পরিকল্পনা নিয়ে ভিড় ঠেকানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। শেষমেশ, ১৫ জোড়া বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনের সাত জোড়া এবং হাওড়া ডিভিশনের আট জোড়া বিশেষ ট্রেন রয়েছে।
জানা গিয়েছে, শহরতলি এবং গ্রামগঞ্জ থেকে কলকাতায় পৌঁছতে অধিকাংশই স্টাফ স্পেশ্যালে চড়ছেন। ফলে বাড়ছে ভিড়। যাত্রীদের চাপ সামলানো সম্ভব হচ্ছে না। দুপুরের পরে শহরে এসে বিভিন্ন মণ্ডপ ঘুরে রাতের দিকে শ্রীভূমির মণ্ডপ দেখতে যাচ্ছিলেন। বাড়ি ফিরছিলেন বেশি রাতের বিশেষ ট্রেনে। অনেকে ওই মণ্ডপ দেখার টানে মাঝরাতেও শহরে আসছিলেন বলে অভিযোগ।
একই কারণে নবমীর বিকেল ৪টে থেকে দশমী ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে ডাউন ট্রেন দাঁড়ানো বন্ধ করে দিয়েছে পূর্বরেল। এতে ভিড় কমবে বলেই মনে করা হচ্ছে। রেলের এই সিদ্ধান্তে একাংশেরআমজনতা ক্ষুব্ধ হলেও রাজ্য প্রশাসনের পরামর্শেই তা করা হয়েছে বলে সূত্রের দাবি।
সূত্রটি আরও বলছে, রাজ্য প্রশাসন ও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে বুধবার রাতেই বিষয়টি পূর্ব রেল এবং শিয়ালদহ ডিভিশনকে জানানো হয়। তার পরেই রেল বৃহস্পতিবার, নবমীর সকালে এবং দশমীতে রাতের দিকে বেশ কিছু বিশেষ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেয়।
শিয়ালদহ শাখায় যে সব বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া শিয়ালদহ-নৈহাটি, এক জোড়া শিয়ালদহ-বনগাঁ, এক জোড়া শিয়ালদহ-ডানকুনি এবং দু’জোড়া শিয়ালদহ-বারুইপাড়া ট্রেন।
অন্য দিকে, হাওড়া ডিভিশনে মেন শাখায় দু’জোড়া হাওড়া-বর্ধমান ট্রেন, হাওড়া-বর্ধমান কর্ড শাখার দু’জোড়া ট্রেন ছাড়াও হাওড়া-ব্যান্ডেল শাখায় তিন জোড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় এক জোড়া ট্রেন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। দশমীর পরে ওই সব ট্রেন ফের চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের পুজোয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো নিয়ে উন্মাদনা তুঙ্গে। কারণ একটাই। মন্ত্রী সুজিত বসুর পুজোর থিমই মন কেড়েছে সকলের। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। অষ্টমীর বিকেল থেকে ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। আলো বন্ধের পর দর্শনার্থী প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তা সত্ত্বেও শ্রীভূমির পুজোয় জনস্রোতের মোকাবিলায় বেশ কিছু বিশেষ ট্রেন বাতিল করতে হল। তার আগেই নবমীর বিকেল ৪টের পর থেকে দশমীর ভোর ৪টে পর্যন্ত ডাউন লাইনে শিয়ালদহমুখী শহরতলির সব বিশেষ ট্রেনকে বিধাননগর স্টেশনে থামতে নিষেধ করা হয়েছে।
আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
মণ্ডপে জুতো মামলায় হাইকোর্টে স্বস্তি দমদম পার্ক ভারত চক্রের
বিজেপি নেত্রীর যৌন হেনস্থা মামলায় কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২
অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
from KhaborOnline https://ift.tt/3vrloTn