নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের নাম। মন্ত্রী-পুত্রকে এখনও গ্রেফতার করা হয়নি কেন, শুক্রবার উত্তরপ্রদেশ সরকারকে জিজ্ঞাসা করল সুপ্রিম কোর্ট।
এ দিন সকাল ১০টায় আশিসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু যথারীতি গরহাজির তিনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে ধারণা করা হচ্ছে, নেপালে গা ঢাকা দিয়েছেন আশিস।
রবিবার লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনায় চার কৃষক-সহ আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ওই ঘটনার সঙ্গে আশিসের সম্পর্ক থাকার প্রমাণ উঠে আসার পরই মন্ত্রীর বাড়ির দেওয়ালে হাজিরার নোটিশ সেঁটে দেওয়া হয় বৃহস্পতিবার।
এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন প্রসঙ্গে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, এই ঘটনার সঙ্গে সাধারণ মানুষ জড়িত, ফলে সিবিআই কোনো সমাধান নয়।
প্রধান বিচারপতি এনভি রমন্না বলেন, “ইস্যুটি স্পর্শকাতর, ফলে আমরা কোনো মন্তব্য করছি না। সাধারণ মানুষ জড়িয়ে রয়েছেন, তাই সিবিআই তদন্ত কোনো বিকল্প নয়। আমরা যে কারণে সিবিআই সম্পর্কে কিছু বলছি না। কিন্তু এর মানে এই নয় যে, তারা হাত গুটিয়ে বসে থাকবে। তাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারকে নিজের দায়িত্ব পালন করতে হবে”।
এ দিন শুনানি শেষে সুপ্রিম কোর্ট বলেছে, “আমরা রাজ্যের কর্মকাণ্ডে সন্তুষ্ট নই।” এ বিষয়ে সিনিয়র আইনজীবী আদালতকে আশ্বস্ত করে বলেন, এই ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ অক্টোবর।
এ দিকে, লখিমপুরের হিংসার ঘটনার তদন্তে ৯ সদস্যের একটি টিম গড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আদালতের তরফেও সমন পাঠানো হয় আশিসকে।
আরও পড়তে পারেন
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
from KhaborOnline https://ift.tt/3FrijqM