দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় ‘রাজনৈতিক ইস্যু’, পুজো কমিটিকে আইনি নোটিশ

কলকাতা: দু’দশকেরও বেশি সময় ধরে দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় থিমের ব্যবহার বহুচর্চিত এবং আকর্ষণীয় একটি বিষয়। শিল্পীরা নিজের মনের ভাবনাকে ফুটিয়ে তোলেন মণ্ডপজুড়ে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন পুজোর থিমে জায়গা করে নিয়েছে সমাজের গুরুতর সমস্যা, সঙ্গে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক বিষয়গুলোও। এ বারের পুজোয় তেমনই এক চিন্তাভাবনার প্রয়োগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।

এর আগে দুর্গাপুজোর থিমে উঠে এসেছে ‘নোটবন্দি’ অথবা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যন্ত্রণার ছবিও। এ বারে উঠে এসেছে দীর্ঘ বছরখানেক সময় ধরে তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে একটা বড়ো অংশের কৃষকের প্রতিবাদের ছবি। তবে ওই মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বহু চটি, জুতো। তা নিয়েই বিতর্ক এবং আইনি নোটিশ।

চটি, জুতো ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে অভিযোগ তুলে নোটিশ পাঠানো হয়েছে দমদম পার্ক ভারতচক্রের (Dumdum Park Bharat Chakra) পুজো কমিটিকে। মণ্ডপটিকে জুতো দিয়ে সাজানোর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি-ও।

পুজো কমিটিকে পাঠানো আইনে নোটিশে আইনজীবী পৃথ্বীবিজয় দাস জানিয়েছেন, অবিলম্বে মণ্ডপ থেকে জুতো সরিয়ে না হলে পুজো কমিটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। তিনি আইনি নোটিশে লিখেছেন, “আমি নিজে এক জন সনাতন হিন্দু। জুতো-হাওয়াই চটি দিয়ে মণ্ডপ সাজানোর বিষয়টি আমি মেনে নিতে পারছি না। এই ধরনের চিন্তাভাবনা আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসে আঘাত হানতে গোটাটাই ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে”।

অন্য দিকে, ওই পুজোর উদ্যোক্তা প্রতীক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “নোটিস পেয়েছি, তবে পুজো নিয়েই মাথা ঘামাচ্ছি। তারপর ভাবব। পায়ের চিহ্ন দিয়ে আমরা শাসকের ক্ষমতা দেখাতে চেয়েছি। কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য নয়”।

জুতো দিয়ে মণ্ডপ সাজানোয় ধর্মীয় ভাবাবেগ আঘাত লাগার কথা বলা হলেও বিষটিকে ‘রাজনৈতিক ইস্যু’ হিসেবেই দেখছে একটা মহল। উদ্যোক্তাদের কথায়, সন্ন্যাসী, তেভাগা থেকে শুরু করে সাম্প্রতিক কালের কৃষক আন্দোলনকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। সম্প্রতি শাসকের বিরুদ্ধে ঝড় তোলা লখিমপুর খেরির কথাও উঠে এসেছে মণ্ডপসজ্জায়। প্রবেশপথের পোস্টারে লেখা— ‘লখিমপুর খেরির পাশে দাঁড়ান’, ‘লখিমপুর খেরি, তোমায় ভুলছি না’।

দেওয়ালের ছবি বলছে, “মোটর গাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো”। এমনই কিছু নমুনা দুর্গাপুজোর থিমে রাজনৈতিক ইস্যু প্রবেশের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে: লখিমপুর খেরি হিংসা



from KhaborOnline https://ift.tt/2X1GDyg

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts