তিরুঅনন্তপুরম: নির্ধারিত সময়ের অন্তত এক সপ্তাহ আগে আন্দামানে বর্ষার আগমনে উজ্জীবিত হয়েছিলেন আবহাওয়াবিদরা। তাঁদের ধারণা ছিল কেরলেও বর্ষা ঢুকবে নির্ধারিত সময়ের আগেই। কিন্তু সেটা আর হচ্ছে না। ফলে মৌসম ভবনের দেওয়া পূর্বাভাস মিলছে না।
দু’সপ্তাহ আগে মৌসম ভবন জানিয়েছিল যে এ বার কেরলে বর্ষা ঢুকতে পারে ২৭ মে। তেমনটা হলে গত ১০ বছরের মধ্যে সব থেকে তাড়াতাড়ি বর্ষার আগমন হল কেরলে। কিন্তু আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়ে দিয়েছেন রাজ্যে বর্ষার আগমন পিছিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে ১ জুন নাগাদ বর্ষা ঢুকতে পারে কেরলে।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেও কেরলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কিছু কিছু জায়গায় ছোটোখাটো বন্যার মতোও পরিস্থিতি তৈরি হয় যায়। কিন্তু এখন সেখানে আবহাওয়া বেশ পরিষ্কার। বৃষ্টি হলেও তা অল্পস্বল্প। বরং দিনের বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে আবহাওয়া থাকছে। অথচ বর্ষার আগমনের উপযুক্ত পরিস্থিতি এটা নয়।
কেরল উপকূলের কাছে এখনও মৌসুমি বায়ু থিতু হতে পারেনি। যদিও কেরল উপকূলের থেকে কিছুটা পশ্চিমে মালদ্বীপে বর্ষার আগমনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মালদ্বীপ, লাক্ষাদ্বীপে বর্ষা ঢুকে যাবে বলে আশাবাদী আবহাওয়া দফতর। কিন্তু কেরলে ঠিক কবে ঢুকবে, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছোতে পারছে না আবহাওয়া দফতর।
এ দিকে, আবহাওয়াবিদদের একটা অংশ এটাও জানাচ্ছেন যে কেরলে প্রবেশের পর মন্থর হয়ে যেতে পারে বর্ষার গতি। ফলে ভারতের বাকি অংশে তা পৌঁছোতে বেশ দেরি করতে পারে।
আরও পড়তে পারেন:
স্টেডিয়াম খালি করে পোষা কুকুর নিয়ে হাঁটা আমলাকে বদলি করা হল লাদাখে
এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি, পাচ্ছেন কি না যে ভাবে জানবেন
মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে অপসারিত নির্মল মাজি
মালদহ থেকে কালীঘাটে ছোট্ট সায়ন্তিকা, আচার-আমসত্ত্ব পেয়ে উপহার মুখ্যমন্ত্রীরও
from KhaborOnline https://ift.tt/uvbGeUX