‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: দীর্ঘ ৯ মাস পর বৈঠকে কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি। শনিবারের এই বৈঠকে অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী জোরের সঙ্গেই জানিয়ে দিলেন, “আমিই পূর্ণ সময়ের সভানেত্রী”।

বহুদিন ধরে বৈঠকের দাবি জানিয়ে আসছিলেন জি-২৩ তথা কংগ্রেসের বিদ্রোহী নেতারা। কার্যত তাঁদের উদ্দেশেই বার্তা দিতে সোনিয়া স্পষ্টতই জানিয়ে দিলেন, তিনি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রীর দায়িত্ব পালনে রাজি।

পঞ্জাব কংগ্রেসের নাটকীয় ঘটনার প্রেক্ষিতে কয়েক দিন আগেই কপিল সিব্বল বলেছিলেন, কংগ্রেসের কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। এ দিন সোনিয়া বলেন, “আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন”?

দলগত ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “সমগ্র সংগঠনই কংগ্রেসের প্রত্যাবর্তন চায়। কিন্তু এর জন্য দলগত ঐক্য থাকা প্রয়োজন। দলের প্রয়োজনীয়তাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড়ো কথা, এর জন্য আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা”।

২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর দলের প্রধান পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। তার পর প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তী দায়িত্ব দেয় কংগ্রেস। এ বার পূর্ণ মেয়াদের এক সভাপতি বেছে নেওয়ার জন্য সাংগঠনিক নির্বাচনে যেতে পারে কংগ্রেস। এ দিনের বৈঠকে জেলা থেকে জাতীয় পর্যায়ে নতুন সদস্যপদ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সোনিয়া আরও বলেন, “আমি এই বিষয়ে অত্যন্ত সচেতন যে ২০১৯ সালে যখন থেকে কংগ্রেস কার্যকরী সমিতি আমাকে এই ক্ষমতায় ফিরতে বলেছিল, তখন থেকে আমি অন্তর্বর্তী কংগ্রেস সভাপতি হিসেবেই রয়েছি।” তবে এরই মধ্যে দলের একাংশের প্রবীণ নেতৃত্ব স্থায়ী সভাপতি চেয়ে সরব হচ্ছেন। তাঁরা সংবাদ মাধ্যমের মুখোমুখিও হচ্ছেন।

কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এ দিনের বৈঠকে সোনিয়া ছাড়াও অংশ নিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, রাজস্থানের মুখ্যমন্ত্রী গহলৌত, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নী-সহ অন্যরা।

আরও পড়তে পারেন: নতুন সভাপতি বাছতে আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্তের সম্ভাবনা



from KhaborOnline https://ift.tt/3FROSOT

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts