মুম্বই: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের বিরুদ্ধে মাদক পাচারকারিদের যোগাযোগ রয়েছে বলে আগেই জানিয়েছিলেন তিনি। এ বার নবাব মালিক জানালেন, দেবেন্দ্রের আরও ‘কুকীর্তি’ ফাঁস করবেন তিনি। সাংবাদিক বৈঠকে নবাবের ঘোষণা, ‘‘বুধবার হাইড্রোজেন বোমা ফাটাব। অপরাধ জগতের সঙ্গে ফড়ণবীসের যোগাযোগ ফাঁস করব।’’
মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ফড়ণবীস মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের দোষী সর্দার শাহ ওয়ালির জমি কিনেছেন নবাব। জমি কিনেছেন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ঘনিষ্ঠ মহম্মদ সেলিম পটেলের কাছ থেকেও।
ফড়ণবীসের ওই অভিযোগের কয়েক ঘণ্টা পরেই ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর ঘোষণা নবাবের। এর ফলে মহারাষ্ট্রের রাজনৈতিক আবহ সরগরম। বুধবার ফড়ণবীসের বিরুদ্ধে কী প্রমাণ নবাব হাজির করেন, সেটার দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।
উল্লেখ্য, রবিবার সাংবাদিক বৈঠকে এনসিপি প্রধান শরদ পওয়ারের ঘনিষ্ঠ নবাব দাবি করেছিলেন, প্রমোদতরী থেকে শাহরুখ-তনয় আরিয়ান খানের গ্রেফতারির ঘটনার মূল চক্রী বিজেপি নেতা মোহিত কম্বোজ। পাশাপাশি দাবি করেন, গোটা আরিয়ান-পর্ব আসলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ছক।
মুম্বইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার মামলার প্রথম তদন্তকারী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অসততার অভিযোগ তুলেছেন নবাব। তদন্তে অনিয়মের অভিযোগের পাশাপাশি ভুয়ো জন্ম শংসাপত্র দাখিল করে চাকরি এমনকি, ধর্মীয় পরিচয় গোপনের মতো অভিযোগও ছিল সেই তালিকায়।
আরও পড়তে পারেন
পরিস্থিতির উন্নতি, পশ্চিমবঙ্গে ব্যাপক ভাবে কমল করোনা সংক্রমণের হার
from KhaborOnline https://ift.tt/307htPZ